
মুর্শিদাবাদ, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : রঘুনাথগঞ্জের রাস্তায় পুলিশের গাড়ি থেকে শুক্রবার চম্পট দেয় ২ ধৃত। বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সন্দেহের জেরে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করেছিল পুলিশ।
পরে একজনকে খুঁজে পাওয়া গেলেও এই লেখা পর্যন্ত অপরজনের খোঁজ মেলেনি। ৬ ঘণ্টা ধরে তল্লাশি চলছে।
শুক্রবার পুলিশের গাড়িতে আদালতে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায় তারা। কীভাবে পুলিশের কড়া নজর এড়িয়ে পালাতে সক্ষম হল ধৃতরা, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল মোড় এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও নথিপত্র খতিয়ে দেখার পর তাঁদের মধ্যে আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় পাওয়া যায়।
তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে প্রাথমিক তদন্তে জানা যায়। সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করেছে, এই অভিযোগে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত