
মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি. স.) : ফুকেট-দিল্লি বিমানের 'পাইলট-ইন-কমান্ড'-এর চাকরি বাতিল করেছে টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। মাদক পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসার পর শুক্রবার এই পদক্ষেপ নেওয়া হয়।
এয়ার ইন্ডিয়া শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তে মাদক সেবনের প্রমাণ মেলায় ওই ফুকেট-দিল্লি ফ্লাইটের প্রধান পাইলটের পরিষেবা চিরতরে শেষ করা হয়েছে। বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি)-র প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
এএআইবি-র রিপোর্টে বলা হয়েছে, পাইলটের মাদক সেবন অত্যন্ত উদ্বেগের বিষয়। এর পরিপ্রেক্ষিতে তারা অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)-কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।
এএআইবি আজ এই বিমান দুর্ঘটনার একটি প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে। উক্ত দুর্ঘটনায় ২০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য আহত হয়েছিলেন। এয়ার ইন্ডিয়া প্রাথমিকভাবে বিমানের উচ্চতা কমে যাওয়ার কারণ হিসেবে তীব্র বায়ুপ্রবাহ বা ‘টার্বুলেন্স’-কে দায়ী করেছিল। তবে বিমান প্রস্তুতকারী সংস্থার রিপোর্টে জানা গেছে, বিমানের গ্রিন, ব্লু এবং ইয়েলো সিস্টেমে হাইড্রোলিক প্রেশারজনিত সমস্যার কারণে প্রায় চার সেকেন্ডের জন্য 'এলিভেটর' এবং 'এলিরন' নিয়ন্ত্রণ কাজ করছিল না।
হিন্দুস্থান সমাচার / সোনালি