
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের সুনাম বিধানসভা কেন্দ্রের শেরোঁ গ্রামে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে কালো পতাকা দেখানোয় এক শিখ যুবকের ওপর পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিজেপির রাজ্যসভার সাংসদ তরুণ চুঘ শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সদস্য প্রিয়ঙ্ক কানুনগোকে চিঠি লিখে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
তরুণ চুঘ তাঁর চিঠিতে জানিয়েছেন, ২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর 'লোক মিলনি' অনুষ্ঠানে স্থানীয় যুবক মোহনজিৎ সিং মাদক সমস্যার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেন| প্রতিবাদের অংশ হিসেবে একটি কালো পতাকা প্রদর্শন করেছিলেন তিনি। এর পরই পঞ্জাব পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে অমানবিক নির্যাতন চালায়। তিনি অভিযোগ করেন, হেফাজতে থাকা অবস্থায় মোহনজিৎ সিংকে মারধর করা, এমনকি তাঁর ধর্মীয় অবমাননাও করা হয়েছে। সেইসঙ্গে, ওই যুবকের পরিবারের মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। তরুণ চুঘ এনএইচআরসি-র কাছে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। পাশাপাশি, বিষয়টি স্বাধীনভাবে খতিয়ে দেখার জন্য একটি তদন্তকারী দল পাঠানোরও অনুরোধ করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ