
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.): ফরাক্কায় ভূমিধসের কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গজুড়ে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। উত্তরবঙ্গগামী ও উত্তরবঙ্গ থেকে ফেরত আসা যাত্রীদের এই ভোগান্তি দূর করতে এবং যাতায়াত স্বাভাবিক রাখতে শুক্রবার সন্ধ্যা থেকেই শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবহণ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অর্জুন সিংয়ের মধ্যে বিস্তারিত আলোচনা ও পরামর্শের পরেই এই পদক্ষেপ করা হয়েছে। পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ৪০টি অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী বাস পরিষেবার সংখ্যা আরও বাড়ানো হবে।
প্রশাসনের এক আধিকারিক জানান, আচমকা ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যে বিপুল যাত্রীচাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে এই অতিরিক্ত বাসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এই বিশেষ বাস পরিষেবার সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। যাত্রী ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত পরিবহণ ব্যবস্থা চালুর ক্ষেত্রে তাঁর বিশেষ উদ্যোগ ও ভূমিকা ছিল বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত