
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর খালি করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। অভিযোগ, সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। অগ্নি নিরাপত্তার সব নিয়ম সেখানে মানা হয়নি। তাই ওই দফতর জনগণের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ।
মূল ভবনের সপ্তম এবং অষ্টম তলা খালি করার নির্দেশ দিয়েছে দমকল। সেই মর্মে চিঠি গিয়েছে মালিকের কাছে।
দমকলের বক্তব্য, ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে এবং নথিপত্র বিশ্লেষণ করে জানা গিয়েছে, ওই ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব মালিকের। অগ্নি নিরাপত্তার শংসাপত্রটির মেয়াদও ২০২৬ সালের ১০ অগস্ট ফুরিয়ে গিয়েছে। তা পুনর্নবীকরণের সুপারিশ করা হয়েছিল। মালিকপক্ষ তা-ও করেননি। তাই ভবনের ওই অংশ একেবারেই নিরাপদ নয়। অবিলম্বে তা খালি করতে হবে, জানিয়েছে দমকল।
একই নির্দেশ দেওয়া হয়েছে ভবনের বেসমেন্টের জন্যেও। এ ছাড়া, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ভাবে স্থাপন করার আগে ওই দুই তলা ব্যবহার করতে পারবেন না মালিকও। দমকলের এই নির্দেশিকার একটি করে কপি কলকাতা পুরসভা, শেক্সপিয়র সরণি থানা এবং সিইএসসি দফতরেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
অভিষেকের এই দফতর থেকেই তৃণমূলের নামাঙ্কিত হোর্ডিং কিছু দিন আগে খুলে দিয়েছিল পুরসভা।
অভিযোগ, হোর্ডিংটি বিপজ্জনক ভাবে ঝুলছিল। যদিও তার পরেই সেখানে তৃণমূলের নামাঙ্কিত ব্যানার টাঙিয়ে দেন অভিষেক। তার কিছু দিন পর বৃহস্পতিবার ভোরে ক্যামাক স্ট্রিটের ওই দফতরে কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূলকর্মীদের মারধরও করা হয়। সেই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে সরব হয়েছিলেন অভিষেক। তার এক দিন পরেই মালিকপক্ষকে দফতর খালি করার নির্দেশ দিল দমকল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত