
শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (হি.স.): শ্রীনগর বিমানবন্দরে শুক্রবার নবি মুম্বই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর একটি বিমান পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা মারে। বিমানের ক্ষতি হলেও যাত্রী বা কোনও ক্রু সদস্য আহত হননি।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, ইন্ডিগোর ৬ই ২২৫ (ভিটি-এনওজি) বিমানটি সকাল ৯টা ২ মিনিটে ৬ নম্বর বে-তে পার্কিং করা হচ্ছিল। সেই সময় পার্কিংয়ের প্রক্রিয়ায় বিমানটি ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের (ভিডিজিএস) একটি খুঁটিতে ধাক্কা মারে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।
এএআই জানায়, ম্যানুয়াল সিঁড়ি ব্যবহার করে যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ঘটনার তদন্ত করা হবে। তদন্ত শেষ হওয়ার পরই ঘটনার সঠিক পরিস্থিতি ও কারণ জানা যাবে। আপাতত দুর্ঘটনার কারণ নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো হয়নি। এদিকে, বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিমান ওঠানামা করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য