
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স. ) : শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত সেবাশ্রম সংঘ।
সংঘের বালিগঞ্জের প্রধান কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বিশেষ পুজো, মঙ্গল আরতি ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে এদিন সংঘের প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। সংঘের উদ্যোগে আয়োজিত এই মহোৎসবের মূল ভাবনা “মহাজাগরণ, মহামিলন” এবং “মহাসমন্বয়, মহামুক্তি”।
জন্মাষ্টমীকে কেন্দ্র করে ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ধর্মীয় ভাবধারার পাশাপাশি হিন্দু ধর্ম-শিক্ষা ও সংস্কৃতির প্রসার এবং সমাজের সর্বাঙ্গীণ কল্যাণে শ্রীকৃষ্ণের বাণী মানুষের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত