
কোচবিহার, ৪ সেপ্টেম্বর (হি. স.): সীমান্ত এলাকা চ্যাংড়াবান্ধায় পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) যৌথ অভিযানে বিপুল পরিমাণ বেআইনিভাবে মজুত করা সালফার উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে প্রায় ৪৫৫ কেজি ৮১০ গ্রাম সালফার বাজেয়াপ্ত করা হয়।
মেখলিগঞ্জ মহকুমা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মেখলিগঞ্জ থানার ওসি জটেশচন্দ্র ঝা-র নেতৃত্বে পুলিশ ও বিএসএফের একটি যৌথ দল বৃহস্পতিবার গভীর রাতে চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের ১৪১ কামাত চ্যাংড়াবান্ধা এলাকায় সুধাংশু সরকার নামে এক ব্যক্তির বাড়িতে আচমকা অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ঘর থেকে মোট ৯টি বস্তায় ভরা ৪৫৫ কেজি ৮১০ গ্রাম সালফার উদ্ধার হয়। পুলিশ সেই সালফার বাজেয়াপ্ত করে মেখলিগঞ্জ থানায় সুরক্ষার সঙ্গে রেখে দিয়েছে। তবে অভিযানের সময় বাড়ির মালিক সুধাংশু সরকার এলাকা ছেড়ে চম্পট দেয়। তার সন্ধানে সম্ভাব্য স্থানগুলিতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্তবর্তী এলাকায় এত বিপুল পরিমাণ সালফার অবৈধভাবে জমা করে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। তবে এই সালফারের মূল উৎস এবং এর পেছনে কোন পাচার চক্র সক্রিয় রয়েছে, তা নিয়ে তদন্ত জারি রয়েছে।
ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি