
ভোপাল, ৪ সেপ্টেম্বর (হি. স.): সচ্চিদানন্দ রূপ, ধর্ম প্রতিষ্ঠাতা এবং ভক্তি, জ্ঞান ও কর্মযোগের পরম অনুপ্রেরণার উৎস ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পর্ব ‘শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী’ উপলক্ষে সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব|
শুক্রবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী ড. যাদব বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ‘শ্রীকৃষ্ণ পাথেয়’-এর মাধ্যমে মধ্যপ্রদেশে তাঁর ভ্রমণের সাথে যুক্ত পবিত্র স্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের অঙ্গীকার করছি। পাশাপাশি গুরু সন্দীপনীর জ্ঞান পরম্পরা থেকে অনুপ্রাণিত হয়ে সন্দীপনী বিদ্যালয়গুলির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, গুণমানসম্পন্ন ও সংস্কারযুক্ত শিক্ষা প্রদানের জন্যও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মধ্যপ্রদেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কর্মযোগের বার্তা আত্মস্থ করে একটি সমৃদ্ধ ও উন্নত মধ্যপ্রদেশ গঠনে অংশীদার হই।
বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
রাষ্ট্রসেবা, ভারতীয় মূল্যবোধ এবং সনাতন সংস্কৃতি সুরক্ষায় নিয়োজিত বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। তিনি বলেন, সমাজসেবা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলার ক্ষেত্রে সংগঠনটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। 'মম দীক্ষা হিন্দু রক্ষা, মম মন্ত্র সমতা'—এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ধর্ম, সংস্কৃতি ও রাষ্ট্রসেবার এই সংকল্প অবিরাম এগিয়ে চলুক, এই শুভকামনাই রইল।
হিন্দুস্থান সমাচার / সোনালি