
যোধপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর শহরের বোরানাডা এলাকায় একটি হস্তশিল্প কারখানায় শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আটটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দমকল সূত্রে জানা গিয়েছে, বোরানাডার পেপসি তিরাহা এলাকার কাছে অবস্থিত ওই হস্তশিল্প কারখানায় এদিন সকালে আগুন লাগে। খবর পেয়ে বাসনি, শাস্ত্রীনগর, চোপাসনি হাউসিং বোর্ড, বোরানাডা ও নাগৌরি গেট ফায়ার স্টেশন থেকে মোট আটটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দু’ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাসনি ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত সিং জানিয়েছেন, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। তবে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস