
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুক্রবার সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়া বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী নতুন দায়িত্ব পাওয়ার পর রাজ্যে চলচ্চিত্রে শুটিংয়ের ওপর ৩০ শতাংশ ভর্তুকি (সবসিডি) দেওয়ার কথা ঘোষণা করেছেন।
এর এক দিন আগে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিঠুন জানিয়েছিলেন যে, তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চলচ্চিত্র নির্মাণের জন্য বিশেষ ভর্তুকি দেওয়ার অনুরোধ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী তা গ্রহণ করেছেন।
শুক্রবার নিজের নতুন দায়িত্ব ঘোষণার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মিঠুন চক্রবর্তী বলেন, বাংলা চলচ্চিত্র জগৎ থেকে যা কিছু হারিয়ে গেছে, তা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তিনি জানান, ৩০ শতাংশ ভর্তুকি দেওয়ার মূল উদ্দেশ্য হলো সারাদেশের চলচ্চিত্র নির্মাতাদের বাংলায় শুটিং করার জন্য আকৃষ্ট করা। সরকার সবাইকে বাংলায় এসে চলচ্চিত্রের শুটিং করার আহ্বান জানাবে বলে তিনি উল্লেখ করেন।
এই সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিঠুন তাঁকে নিশানা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, তা কি তাঁকে মানায়? যে অত্যাচারের কথা বলা হচ্ছে, তা তাঁরা নিজেরাই সহ্য করেছেন। মিঠুন আরও বলেন, তিনি কাউকে অপমান করার জন্য বেশি কথা বলতে পছন্দ করেন না, তবে এই ধরনের কথাবার্তা শোভা পায় না।
উল্লেখযোগ্য বিষয় হলো, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে হামলার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দুষ্কৃতী পাঠানোর অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন যে, অত্যাচার না থামলে তিনি ব্যক্তিগতভাবে নতুন দিল্লি গিয়ে বিজেপি নেতাদের বাসভবনের সামনে প্রতিবাদ অবস্থান করবেন।
এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে সাংস্কৃতিক উপদেষ্টা করার কথা ঘোষণা করেন। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ফিল্ম সেন্টারের জন্য রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ ইতিমধ্যেই অর্থ অনুমোদন করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি