
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে গিয়ে পূজার্চনা করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় সভাপতি নিতিন নবীন| শুক্রবার তিনি দিল্লির পূর্ব কৈলাসের ইসকন মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন এবং পুজো করেন। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এ দিন মন্দিরে পুজো দেওয়ার পর নিতিন নবীন সাংবাদিকদের বলেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের আরাধ্য। তিনি সর্বদা এই দেশ, সনাতন ঐতিহ্য ও সংস্কৃতির ধ্বজাধারী। তিনি তাঁর সমগ্র জীবন অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠায় উৎসর্গ করেছেন। তিনি বলেন, ভগবান কৃষ্ণের জীবন থেকে আমাদের সকলের অনুপ্রেরণা নেওয়া উচিত এবং তাঁর আদর্শকে অনুকরণ করার চেষ্টা করা উচিত। তিনি প্রার্থনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যেন সকল ভারতীয়, সমগ্র হিন্দু সমাজ এবং সনাতন ঐতিহ্যের অনুসারীদের ওপর বজায় থাকে| দেশে সর্বদা সুখ, শান্তি ও সমৃদ্ধির পরিবেশ বিরাজ করে। নিতিন নবীন বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভারত যেন নিরন্তর অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ