
নয়ডা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। কর্তব্যরত অবস্থায় বৃহস্পতিবার রাতে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হেড কনস্টেবলের নাম রাজপাল সিং। তিনি মুজফ্ফরনগরের দতিয়ানগর গ্রামের বাসিন্দা এবং গত তিন বছর ধরে নয়ডার নলেজ পার্ক থানায় কর্মরত ছিলেন।
নলেজ পার্ক থানার ভারপ্রাপ্ত পরিদর্শক বিনোদ কুমার জানান, বৃহস্পতিবার রাতে যমুনা এক্সপ্রেসওয়ের জিরো পয়েন্টে ডিউটিতে ছিলেন রাজপাল সিং। সেই সময় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ মামলা রুজু করে পলাতক গাড়িচালকের সন্ধানে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস