চিকিৎসায় অবহেলার অভিযোগ, ধনেখালিতে নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর
হুগলি, ৪ সেপ্টেম্বর (হি.স.): রোগীদের সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে হুগলির ধনেখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দফতর। অভিযোগ, নার্সিংহোমটিতে ''ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট''-এর অধীন প্রয়োজনীয়
চিকিৎসায় অবহেলার অভিযোগ, ধনেখালিতে নার্সিংহোম সিল করল স্বাস্থ্য দফতর


হুগলি, ৪ সেপ্টেম্বর (হি.স.): রোগীদের সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে হুগলির ধনেখালির মদনমোহনতলা এলাকার একটি নার্সিংহোম সিল করে দিল স্বাস্থ্য দফতর। অভিযোগ, নার্সিংহোমটিতে 'ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট'-এর অধীন প্রয়োজনীয় নিয়ম ও ন্যূনতম মৌলিক পরিকাঠামো মেনে চলা হচ্ছিল না।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, নার্সিংহোমটিতে পর্যাপ্ত পরিকাঠামো, মেডিকেল অফিসার, জিএনএম নার্সিং স্টাফ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার মতো প্রয়োজনীয় সুবিধা ছিল না। এর আগে জুলাই মাসেও স্বাস্থ্য দফতর থেকে নার্সিংহোমটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিছুদিনের জন্য নার্সিংহোমটি বন্ধ থাকলেও, অভিযোগ ওঠে যে কিছুদিন পর থেকে সেখানে পুনরায় রোগী ভর্তি নেওয়া শুরু হয়।

এরপর আবারও অভিযোগ পেয়ে হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকের নির্দেশে ধনেখালির বিএমওএইচ এবং ডেপুটি সিএমওএইচ-১ ত্রিদীপ মুস্তাফি সহ স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল পরিদর্শনে যান।

বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ স্বাস্থ্য দফতরের দলটি ধনেখালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই নার্সিংহোমে পৌঁছায় এবং সেটি সিল করে দেয়।

তবে এই পদক্ষেপের বিরোধিতা করেছেন নার্সিংহোমের চালক কেনারাম দে। তিনি স্বীকার করেন যে নার্সিংহোমে কিছু মৌলিক সুবিধার ঘাটতি ছিল। কিন্তু তাঁর দাবি, রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেসব খামতি রয়েছে, তা দূর করে নতুনভাবে সংস্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

কেনারাম দে-র অভিযোগ, স্বাস্থ্য আধিকারিকরা ব্যক্তিগত আক্রোশ থেকেই এই নার্সিংহোমটি বন্ধ করে দিয়েছেন। তিনি আরও দাবি করেন, তাঁর নার্সিংহোমে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়েছে বা কারোর মৃত্যু হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি পথ অবলম্বন করার হুঁশিয়ারিও দেন তিনি।

অন্যদিকে, ডেপুটি সিএমওএইচ-১ জানান, স্বাস্থ্য আইনের আওতায় নির্ধারিত নিয়মগুলো এই নার্সিংহোম মেনে চলছিল না। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একাধিকবার নোটিশ ও চিঠি দেওয়া হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

ওই আধিকারিকের কথা অনুযায়ী, নার্সিংহোম বন্ধের জন্য কর্তৃপক্ষকে দু'বার চিঠি দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কাজ বন্ধ না করায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে বৃহস্পতিবার নার্সিংহোমটি সিল করা হয়।

অভিযান চলাকালীন ঘটনাস্থলে ধনেখালি থানার পুলিশ উপস্থিত ছিল। স্বাস্থ্য আধিকারিকদের জানানো অনুযায়ী, পুলিশের উপস্থিতিতেই নার্সিংহোমের চালক এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ ও বিরোধিতা জানান।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande