সিজেপি-র বিক্ষোভে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে সংসদ মার্গ থানার সামনে ধরনা
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভে অংশ নেওয়া নিশু আজাদের বাবা সঞ্জয় আজাদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সংসদ মার্গ থানার বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধরনা দেওয়া
সিজেপি-র বিক্ষোভে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে সংসদ মার্গ থানার সামনে ধরনা


নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভে অংশ নেওয়া নিশু আজাদের বাবা সঞ্জয় আজাদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সংসদ মার্গ থানার বাইরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ধরনা দেওয়া হয়।

এই ধরনায় কংগ্রেস, নির্দল সাংসদ পাপ্পু যাদব, বামপন্থী দলগুলির ছাত্রনেতা এবং ভীম আর্মির কর্মীরা অংশ নেন। নির্দল সাংসদ পাপ্পু যাদব নিশু আজাদ ও তাঁর সমর্থকদের সঙ্গে ধরনায় বসেন। এসময় বিক্ষোভকারীরা দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দু’মাস আগে নিশু আজাদের বাবার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সেই সময় নিশু আজাদ দিল্লি পুলিশের কাছে ন্যায়বিচার এবং অভিযুক্তদের গ্রেফতারের আবেদন জানিয়েছিলেন। বিক্ষোভকারীদের দাবি, দু’মাস কেটে গেলেও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং নিজেদের অপরাধের কথা স্বীকার করছেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, হামলার কথা নিজেরাই স্বীকার করা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে খুনের চেষ্টা-সহ কঠোর ধারায় মামলা দায়ের করতে হবে।

এদিকে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসও ধরনাস্থলে পৌঁছন। রাঙ্কা সংবাদমাধ্যমকে বলেন, সৌরভ ও তাঁর পুরো দল লাগাতার দিল্লি পুলিশের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা প্রয়োগের দাবি জানিয়ে আসছে। তাঁর অভিযোগ, দিল্লি পুলিশ বিজেপি নেতা ও কপিল মিশ্রের মদতে কাজ করছে এবং অভিযুক্তদের আড়াল করছে। রাঙ্কা প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ থামাতে যদি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা যায়, তাহলে সেই বাহিনীর এক-দশমাংশও প্রকাশ্যে অপরাধ স্বীকার করা দুষ্কৃতীদের গ্রেফতারে কেন ব্যবহার করা হয়নি।

ধরনায় বসা নির্দল সাংসদ পাপ্পু যাদব দিল্লি পুলিশ ও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, এভাবেই কি দেশের মেয়েদের ও দলিতদের উপর অত্যাচার চলবে? তাঁর অভিযোগ, এই সরকার মহিলা, সংখ্যালঘু ও দলিতদের বিরুদ্ধে। দেশের এই মেয়েটি কেন ন্যায়বিচার পাচ্ছেন না, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর আরও অভিযোগ, পুলিশ, অপরাধী এবং শাসক দলের এই যোগসাজশ গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, যা মেনে নেওয়া হবে না।

কংগ্রেস সাংসদ নাসির হুসেনও সরকার ও পুলিশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং আক্রান্ত পরিবারের পাশে থাকার কথা জানান। তিনি বলেন, অন্যায়ের শিকার প্রত্যেক নাগরিকের পাশে কংগ্রেস রয়েছে।

উল্লেখ্য, সঞ্জয় আজাদের উপর হামলার অভিযোগে অভিযুক্ত স্বাধীন ভারদ্বাজের একটি ভিডিও সম্প্রতি সামনে আসে। ওই ভিডিওতে তিনি কয়েকটি দাবি করেন, যাকে আজাদ-সমর্থকরা সামাজিক মাধ্যমে স্বীকারোক্তি হিসেবে দাবি করেন। তাঁদের প্রশ্ন, স্বাধীনকে পুলিশ কেন ছেড়ে দিল এবং তাঁর বিরুদ্ধে খুনের ধারায় মামলা কেন করা হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande