
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : নিউ ফরাক্কায় ভূমি বসে যাওয়ার কারণে বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। তবে শেষ পর্যন্ত বাতিল করা হয়নি ট্রেনটি। বৃহস্পতিবার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যথারীতি যাত্রা করে এই ট্রেন। তবে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা যে দেরিতে কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়বে, তা আগেভাগেই জানানো হয়েছিল।রেল সূত্রে জানানো হয়, ৩ সেপ্টেম্বর ১৩১৪৫ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ার সময় রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে রাত ১০টা করা হয়েছিল। নিউ ফরাক্কায় ভূমি ধসে মাটি বসে যাওয়ার জেরে রেল চলাচলে যে বিঘ্ন তৈরি হয়েছিল, তার মধ্যেই পরিষেবা বজায় রাখতে এই সিদ্ধান্ত।
অন্যদিকে, ৪ সেপ্টেম্বর ১৩০১২ মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস রামপুরহাট থেকে যাত্রা শুরু করবে। একইভাবে, ১৩৪০৯ মালদহ টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেসের যাত্রা শুরু হবে সাহেবগঞ্জ থেকে। অর্থাৎ, দু’টি ট্রেনই নির্ধারিত প্রারম্ভিক স্টেশনের পরিবর্তে অন্য স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত