
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। ফরাক্কা লাইনে ধস নামায় উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণবঙ্গের রেলপথে যোগাযোগে প্রভাব পড়েছে। বৃহস্পতিবারের পরে শুক্রবারও বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন। দ্রুত গতিতে চলছে মেরামতির কাজ।
বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট-তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ- নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোস্তা এক্সপ্রেস, হাওড়া-মালদহ টাউন- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, মালদহ টাউন- আজিমগঞ্জ প্যাসেঞ্জার, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, গৌর এক্সপ্রেস, দার্জিলিং মেল, হামসফর এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ ছোটো করা হয়েছে।
শুক্রবার রেলের তরফে জানানো হয়েছে, মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের একটি অংশে ফের ল্যান্ড সাবসিডেন্স বা রেললাইনের মাটি বসে যাওয়ার ঘটনা ঘটেছে। এর জেরে রাত ১টা ২০ মিনিট থেকে তিলডাঙা-নিউ ফরাক্কা সেকশনের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পরিস্থিতির কথা বিচার করে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, জোগবনী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, কামাখ্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হয়েছে। এছাড়াও নিউ ফারাক্কা–আজিমগঞ্জ–কাটিহার রুট, নিউ ফারাক্কা–আজিমগঞ্জ–নাথপুর রুট ও কিউল–মোকামা–কাটিহার রুটেও একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর ৩টে ১০ মিনিট নাগাদ ফরাক্কা ব্যারেজের প্রবেশমুখে আপ লাইনে ধস নামে। নিউ ফরাক্কা স্টেশন পার করে ব্যারেজে ওঠার ঠিক আগেই আপ লাইনের একটি অংশের মাটি সরে যায়। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে প্রায় ২০ ফুট লাইন বসে যায়।
শুধু তাই নয়, রাতে পেট্রোলিংয়ে থাকা রেলের গ্যাংম্যানদের নজরে আসে ধসের কারণে লাইন বেঁকে রয়েছে। সঙ্গে সঙ্গে লাল পতাকা দেখিয়ে ট্রেন থামানো হয় এবং মালদহ কন্ট্রোলকে খবর দেওয়া হয়। শুরু হয় মেরামতির কাজ। কিন্তু তার মধ্যে আবার নতুন করে ধস নামে লাইনে। ধসের জেরে ওভারহেড বৈদ্যুতিক স্তম্ভগুলিও বেঁকে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত