
রায়পুর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে রায়পুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রজেক্ট অহিগুণ্ডিক’-এর মাধ্যমে সাপুড়ে সম্প্রদায়ের মানুষদের সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধার সঙ্গে যুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কালেক্টর ড. গৌরব সিংয়ের নির্দেশে শুক্রবার তিলদা এলাকার সিনোধা গ্রামে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে সাপুড়ে সম্প্রদায়ের ২৫ জনের আধার কার্ড এবং ২৯ জনের জন্ম শংসাপত্র গ্রামেই তৈরি করে দেওয়া হয়। ফলে প্রয়োজনীয় নথিপত্র তৈরির জন্য গ্রামবাসীদের সরকারি দফতরে ঘুরতে হয়নি এবং বাড়ির কাছেই তাঁরা এই পরিষেবা পেয়েছেন।
জেলা পঞ্চায়েতের সিইও কুমার বিশ্বরঞ্জনের নির্দেশনায় সাপুড়ে সম্প্রদায়ের পরিবারগুলিকে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবার সঙ্গে যুক্ত করার কাজ ধারাবাহিকভাবে চলছে। এই উদ্যোগের আওতায় আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জব কার্ড-সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং প্রয়োজনীয় নথিপত্র যোগ্য পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের ‘প্রজেক্ট অহিগুণ্ডিক’-এর আওতায় সিনোধা গ্রামে বসবাসকারী সাপুড়ে সম্প্রদায়ের প্রতিটি যোগ্য পরিবার যাতে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস