
হাফলং (অসম), ৪ সেপ্টেম্বর: (হি স) দীর্ঘদিনের মেরামতির পর লামডিং–বদরপুর পাহাড়ি রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত ২ নম্বর লাইনে বৃহস্পতিবার রাতে পরীক্ষামূলক ভাবে একটি মালগাড়ি চালানো হয়। রেল বিভাগের এই পরীক্ষামূলক যাত্রা সফল হলে আগামী শনিবার, ৫ সেপ্টেম্বর থেকে ২ নম্বর লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।উল্লেখ্য, নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে ১১৮/১–৩ কিলোমিটার অংশে মাটি ও পাথর বসে যাওয়ায় ১ ও ২ নম্বর রেললাইন এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ওই দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে ৩ নম্বর লাইন দিয়ে সীমিত সংখ্যক ট্রেন চালানো হচ্ছিল।
দীর্ঘদিনের মেরামতি ও ভূমি স্থিতিশীল করার কাজের পর ২ নম্বর লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। বৃহস্পতিবার মালগাড়ি চালিয়ে লাইনের স্থায়িত্ব ও নিরাপত্তা পরীক্ষা করা হয়।
২ নম্বর লাইন খুলে গেলে শনিবার থেকে শিলচর–গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস পুনরায় স্বাভাবিকভাবে চলাচলের পথ প্রশস্ত হবে। এর ফলে ডিমা হাসাও জেলা এবং বরাক উপত্যকার যাত্রীরা যথেষ্ট স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
তবে ১ নম্বর লাইনের পুনরুদ্ধারের কাজ এখনও চলছে। ক্ষতিগ্রস্ত অংশটি স্থায়ীভাবে পুনর্নির্মাণের জন্য রেল বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে। ১ নম্বর লাইনের কাজ সম্পূর্ণ হলে নিউ হারাঙ্গাজাও এলাকায় রেল চলাচল আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে পাহাড়ি রেলপথে চলাচলের সমস্যার মধ্যে ২ নম্বর লাইন পুনরায় চালুর সম্ভাবনায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এদিকে উত্তর পূৰ্ব সীমান্ত রেল সূত্ৰ জানিয়েছে গত একমাস থেকে বন্ধ থাকা শিলচর গুয়াহাটী শিলচর এক্সপ্ৰেস ও গুয়াহাটী দুল্লভছরা এক্সপ্ৰেস ট্ৰেন শনিবার থেকে পুনরায় চলাচল করবে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব