
শ্রীহরিকোটা, ৪ সেপ্টেম্বর (হি.স.): মহাকাশ ক্ষেত্রে আরও একটি সাফল্য অর্জন ভারতের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) শুক্রবার ভোর হওয়ার আগেই শ্রীহরিকোটা থেকে জিএসএলভি-এফ১৭ রকেটের মাধ্যমে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-০৫-এর সফল উৎক্ষেপণ করেছে। ইসরোর চেয়ারম্যান ভি. নারায়ণন সহ একাধিক প্রাক্তন ইসরো প্রধানদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই উৎক্ষেপণ বিভিন্ন দিক থেকেই ঐতিহাসিক।
ইসরোর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ১৮ মিনিট পর ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইটটিকে সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়। ইওএস-০৫ থেকে রিয়েল-টাইমে ছবি পাওয়া যাবে। এর ফলে কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো ক্ষেত্রগুলিতে বিশেষ সাহায্য মিলবে। ইসরো প্রধান নারায়ণন জানান, এই মিশন ভারতের ভূ-পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে যে, জিএসএলভি-এফ১৭ রকেটের মাধ্যমে সম্পন্ন এই উৎক্ষেপণটি জিএসএলভি-র ১৯তম উড়ান। ৪ সেপ্টেম্বর রাত ০২:৫৫ মিনিটে এটিকে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়| ইওএস-০৫ মিশনের মূল উদ্দেশ্য হলো সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপিত উপগ্রহের মাধ্যমে পৃথিবীকে প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ