
অনুপপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার রাজেন্দ্রগ্রাম থানা এলাকার লাংঘাটোলা ও পাটনা গ্রামের কাছে গাড়ির ধাক্কায় এক ১১ বছরের কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনার পর গাড়িটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত কিশোরকে পুষ্পরাজগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মামলা রুজু করে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম সাগর বাঘেল (১১)। বৃহস্পতিবার গভীর রাতে সে নিজের গবাদি পশু নিয়ে রাজেন্দ্রগ্রাম থেকে লাংঘাটোলা গ্রামের দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে আসা একটি মালবাহী গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যায় ওই কিশোর। মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
ঘটনার খবর পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। ঘটনায় জড়িত মালবাহী গাড়িটিকে শনাক্ত ও আটক করেছে পুলিশ। পলাতক চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস