
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): দেশের প্রথম ইমেজিং স্যাটেলাইটকে জিওসিনক্রোনাস কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-কে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী|
রাজনাথ সিং বলেন , জিওসিনক্রোনাস অরবিটে স্থাপিত ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট হিসেবে, ইওএস-০৫ আমাদের ভূ-পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও মজবুত করে এবং মহাকাশ কর্মসূচির ক্রমবর্ধমান আধুনিকতাকে প্রতিফলিত করে। ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব ব্যাপকভাবে উদ্ভাবনকে উৎসাহিত করছে, দেশীয় সক্ষমতাকে শক্তিশালী করছে এবং মহাকাশ সংক্রান্ত আকাঙ্ক্ষার জন্য নতুন পথ খুলে দিচ্ছে।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের জন্য আরও একটি বড় সাফল্য! ইওএস-০৫ একটি অত্যাধুনিক ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ এবং জিওসিনক্রোনাস অরবিট থেকে ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট। এটি ভিজিবল, ইনফ্রারেড, মাল্টি-স্পেকট্রাল এবং হাইপার-স্পেকট্রাল ব্যান্ডের মতো উন্নত ইমেজিং সুবিধা প্রদান করবে। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে, ভারতের মহাকাশ সক্ষমতা ক্রমাগত নতুন উচ্চতা স্পর্শ করছে এবং একটি গ্লোবাল স্পেস পাওয়ার হিসেবে দেশের অবস্থান আরও মজবুত হচ্ছে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এই সাফল্য ভারতের মহাকাশ বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধা, দূরদর্শিতা এবং সক্ষমতার প্রমাণ। ইসরো এবং ভারতীয় শিল্পক্ষেত্রের মধ্যে বাড়তে থাকা সহযোগিতা মহাকাশ কর্মসূচিকে নতুন শক্তি দিচ্ছে ও প্রসার হচ্ছে| যা পুরো মহাকাশ ক্ষেত্রে ভারতের সক্ষমতাকে আরও শক্তিশালী করছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, এই অর্জন মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের সক্ষমতা অর্জনের দিকে ভারতের ধারাবাহিক অগ্রগতির প্রমাণ দেয়। এটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারতের মহাকাশ কর্মসূচি যে উদ্দেশ্য ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছে, তারও প্রতিফলন ঘটায়।
কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ইওএস-০৫ বহনকারী জিএসএলভি-এফ১৭-এর সফল উৎক্ষেপণ, ভারতের ক্রমবর্ধমান ভূ-পর্যবেক্ষণ সক্ষমতায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর রাত ০২:৫৫ মিনিটে এটিকে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়| ইওএস-০৫ মিশনের মূল উদ্দেশ্য হলো সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপিত উপগ্রহের মাধ্যমে পৃথিবীকে প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ