
ঝাড়্গ্রাম, ৪ সেপ্টেম্বর ( হি. স.): নাবালিকা জনজাতি তরুণী স্কুলছাত্রীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হলেও থামছে না ক্ষোভ।অভিযুক্তের কঠোর শাস্তি এবং ফাঁসির দাবিতে ফের পথে নামল জনজাতি সমাজ। শুক্রবার সকাল থেকেই ঝাড়গ্রামের শিলদা মোড়ে শিলদা বেলপাহাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। সকাল থেকে শুরু হওয়া অবরোধ ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের জমায়েত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনার পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিনপুরের বিধায়ক প্রনত টুডু। তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে দোষী ব্যক্তির সর্বোচ্চ সাজা যাতে হয় তার জন্য তিনি আইনিপদক্ষেপ করবেন বলে আশ্বাস দেন। কিন্তু তাতেও অবরোধ তুলেনি অবরোধকারীরা। উল্লেখ্য এর আগে গত রবিবার এঠেলা মোড়েও একই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দা ও আদিবাসী সমাজের মানুষজন।
উল্লেখ্য, গত ২৩ অগস্ট এক নাবালিকা স্কুলছাত্রীকে টোটোতে চাপিয়ে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে তার ওপর শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ ওঠে স্থানীয় টোটোচালক রূপকুমার দাসের বিরুদ্ধে। জঙ্গলের মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আপাতত ধৃত ব্যক্তি জেলা হেপাজতে রয়েছেন। তবে শুধু গ্রেফতার নয়, অভিযুক্তের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।বিক্ষোভকারীদের দাবি, এমন গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনো রকমের বরদাস্ত করা হবে না। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিতে হবে। তাঁদের আরও দাবি, নাবালিকার উপর এমন অত্যাচারের ঘটনায় দোষ প্রমাণিত হলে অভিযুক্তের ফাঁসি নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারী সর্বনা হাঁসদা বলেন, “অভিযুক্তের দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে তিন মাসের মধ্যে ফাঁসির সাজা দিতে হবে। এই প্রতিবাদ বিক্ষোভে শুধু জনজাতি সমাজের মানুষ নন, বিভিন্ন সমাজের মানুষও সামিল হয়েছেন। আমরা চাই ধর্ষকের ফাঁসি। প্রশাসনের তরফে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে আশ্বাস না পাচ্ছি, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।” আন্দোলকারী লীলাবালা মান্ডি বলেন, “এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ফের আমরা প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করেছি। আমাদের দাবি, অভিযুক্তকে দ্রুত শাস্তি দিতে হবে।”
এদিনের অবরোধের জেরে শিলদা বেলপাহাড়ি রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে। তবে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে নিজেদের অবস্থানে অনড় থাকেন বিক্ষোভকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো