
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি. স.): শুভ জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে শুক্রবার সমাজমাধ্যম ফেসবুকে বিশেষ বার্তা দিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি।ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেছেন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর এই মহিমান্বিত পুণ্য তিথ্যবসরে সকলকে জানাই প্রীতি ও আন্তরিক অভিনন্দন! ভগবান শ্রীকৃষ্ণ-প্রদর্শিত ধর্ম, শৌর্য ও নিষ্কাম কর্মের শাশ্বত বাণী অন্যায় ও অধর্মের বিরুদ্ধে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ থাকার, প্রজ্ঞা ও করুণার সমন্বয়ে স্বধর্ম পালনের এবং সর্বজনীন কল্যাণে আত্মনিবেদনের নিরন্তর প্রেরণা যোগাক।তিনি আরও লেখেন, তাঁর অলৌকিক দিব্য আশিস সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও আনন্দের শুভবার্তা বহন করে আনুক; সমাজে সম্প্রীতি ও সৌভ্রাত্রের বন্ধন সুদৃঢ় করুক এবং এক শক্তিশালী ও সর্বজনীন ভারত গড়ার আমাদের সম্মিলিত সংকল্পকে আরও গভীর ও সুদূরপ্রসারী করুক। জয় শ্রীকৃষ্ণ!
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত