
হুগলি, ৪ সেপ্টেম্বর (হি.স.): একদিকে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অসহায় জীবনযাপন, অন্যদিকে মাথার উপর থাকা ঘরটিও ভেঙে পড়েছে। ফলে কার্যত চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিল গোঘাটের জয়কৃষ্ণপুরের তপন রায়ের পরিবার। এমন কঠিন পরিস্থিতিতে শুক্রবার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং গোঘাট-১ নম্বর ব্লক প্রশাসন।
পরিবারটির দুর্দশার খবর পৌঁছতেই পরিস্থিতি খতিয়ে দেখতে এগিয়ে আসে প্রশাসন। শুক্রবার তপন রায়ের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ডিএম কিট। সেই কিটে ছিল সংসারের প্রয়োজনীয় একাধিক সামগ্রী—হাঁড়ি, কড়া, বালতি, জামাকাপড়, গ্যাস ওভেন-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। পাশাপাশি পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়।
এই উদ্যোগে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং গোঘাট-১ নম্বর ব্লকের বিডিও শান্ত চক্রবর্তী। তাঁদের উপস্থিতিতে তপন রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয় এবং তাঁদের সমস্যার কথা শোনা হয়।
ঘর ভেঙে পড়ায় অসহায় পরিবারটির সামনে নতুন করে মাথা গোঁজার ঠাঁইয়ের প্রশ্ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে পরিবারকে। শুধু ত্রাণসামগ্রী নয়, ভবিষ্যতে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
দুর্দিনে প্রশাসন ও জনপ্রতিনিধির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবার পরিচয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA