জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে দুর্গা প্রতিমার মাটি উত্তোলন
আরামবাগ , ৪ সেপ্টেম্বর (হি.স.): জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখরিত হল কাঁটাপুকুর। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কাঁটাপুকুর সার্বজনীন দুর্গাপুজোর ঐতিহ্যবাহী মাটি উত্তোলন পর্ব। পুজোর প্রস্তুতিতে শুক্রবার
দুর্গা প্রতিমার মাটি উত্তোলন উৎসব


আরামবাগ , ৪ সেপ্টেম্বর (হি.স.): জন্মাষ্টমীর পুণ্যতিথিতে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখরিত হল কাঁটাপুকুর। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কাঁটাপুকুর সার্বজনীন দুর্গাপুজোর ঐতিহ্যবাহী মাটি উত্তোলন পর্ব। পুজোর প্রস্তুতিতে শুক্রবার থেকেই যেন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল শারদোৎসবের কাউন্টডাউন।

জন্মাষ্টমীর শুভক্ষণে পুজো কমিটির সদস্যদের উদ্যোগে নির্দিষ্ট আচার-অনুষ্ঠান মেনে মাটি উত্তোলন করা হয়। তার আগে গ্রামজুড়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকের বাদ্যি, কাঁসর-ঘণ্টা ও শঙ্খধ্বনিতে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। শোভাযাত্রায় পুজো কমিটির সদস্যদের পাশাপাশি গ্রামের নারী-পুরুষ, শিশু থেকে প্রবীণ—সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল কাঁটাপুকুর সার্বজনীন দুর্গাপুজো। মাত্র কয়েক বছরের মধ্যেই এই পুজো ঘিরে গ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে বিশেষ আবেগ ও উন্মাদনা। পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা পরিকল্পনা। মাটি উত্তোলনের মধ্য দিয়ে সেই প্রস্তুতিতেই পড়ল আনুষ্ঠানিক সিলমোহর।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। জাতি-ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সকলে যাতে উৎসবের আনন্দে শামিল হতে পারেন, সেই বার্তাই তুলে ধরা হবে এবারের পুজোয়।

জন্মাষ্টমীর পবিত্র দিনে মাটি উত্তোলনের এই আয়োজন ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। শোভাযাত্রা শেষে মাটি উত্তোলন পর্ব সম্পন্ন হওয়ার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন গ্রামবাসীরা। সব মিলিয়ে কাঁটাপুকুরে জন্মাষ্টমীর দিনেই যেন বেজে উঠল ‘মা আসছেন’—এই আগমনী বার্তা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande