
আগরতলা, ৪ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-র ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে সূত্রের দাবি। শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মনেরমধ্যে বৈঠকের পরই এই সমঝোতার পথ পরিষ্কার হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং বিজেপি-র উত্তর-পূর্ব সমন্বয়ক ডাঃ সম্বিত পাত্র।
সূত্রের খবর, দুই দলের মধ্যে নির্বাচনী সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরে যে মতপার্থক্য চলছিল, বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে কেন্দ্র, ত্রিপুরা সরকার ও তিপ্রা মথার মধ্যে পূর্বে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনজাতি জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। সূত্রের দাবি, চুক্তির প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের বিষয়ে আশ্বাস পাওয়ার পরই নির্বাচনী সমঝোতার জট অনেকটাই কেটেছে।
আগামী ২৮ সেপ্টেম্বর টিটিএএডিসি-র অধীনে ৫৮৭টি ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই দুই দলই প্রস্তুতি শুরু করেছে। সাম্প্রতিক টিটিএএডিসি নির্বাচনে বিজেপি ও তিপ্রা মথা পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার ভিলেজ কমিটি নির্বাচনে যৌথ কৌশল গ্রহণ করতে চলেছে দুই দল।
তিপ্রা মথার পক্ষ থেকে এর আগে স্পষ্ট করা হয়েছিল, ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে অগ্রগতি ছাড়া বিজেপি-র সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়া সম্ভব নয়। ফলে জোট আলোচনায় চুক্তি বাস্তবায়নের বিষয়টিই অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল। দিল্লির বৈঠকে সেই বিষয়ে আশ্বাস পাওয়ায় দুই দলের মধ্যে সমঝোতার রাস্তা খুলবে বলে রাজনৈতিক মহলের ধারণা।
অমিত শাহের সঙ্গে বৈঠকের বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি জানিয়েছেন, নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের জনগণের উন্নয়ন ও কল্যাণ নিয়ে ‘ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা’ হয়েছে। বৈঠকে প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মন এবং ডাঃ সম্বিত পাত্রও উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনী সমঝোতার মূল কাঠামো তৈরি হলেও এখনও আসন ভাগাভাগির বিস্তারিত চূড়ান্তভাবে প্রকাশ্যে আসেনি। কোন ভিলেজ কমিটিতে বিজেপি এবং কোথায় তিপ্রা মথা প্রার্থী দেবে, কীভাবে প্রচার সমন্বয় হবে—এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
বিজেপি ও তিপ্রা মথা বর্তমানে ত্রিপুরা সরকারের অংশীদার। এবার ভিলেজ কমিটি নির্বাচনে দুই দলের সম্ভাব্য যৌথ লড়াই তৃণমূল স্তরে তাদের রাজনৈতিক সমন্বয় আরও ঘনিষ্ঠ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে টিটিএএডিসি-অধীন এলাকায় এই সমঝোতার রাজনৈতিক প্রভাব যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে পারে।
তবে দিল্লির বৈঠকে ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে যে আশ্বাস দেওয়া হয়েছে, তার বাস্তবায়নের নির্দিষ্ট রূপরেখা এবং নির্বাচনী আসন সমঝোতার চূড়ান্ত কাঠামো এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সম্ভাব্য আনুষ্ঠানিক ঘোষণার পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ