
আরামবাগ , ৪ সেপ্টেম্বর (হি.স.): দামোদরের জল বাড়তেই নদীবাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন পুরশুড়ার শ্রীরামপুর এলাকার বহু বাসিন্দা। বন্যার এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন দুর্গতরা। তাঁদের অভিযোগ, সকলের কাছে সমানভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না। ফলে পর্যাপ্ত ত্রাণ না পেয়ে সমস্যায় পড়ছেন অনেকেই। শুক্রবার জানা গিয়েছে, দামোদরের জলস্তর বাড়ার কারণে শ্রীরামপুর এলাকার বেশ কিছু বাসিন্দা বাড়িঘর ছেড়ে নদীবাঁধের উপর অস্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। পরিস্থিতির খবর পেয়ে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষও এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করেন।
সেই মতো এদিন নদীবাঁধে আশ্রয় নেওয়া দুর্গতদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। তবে ত্রাণসামগ্রী হাতে পাওয়ার পরই ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন। তাঁদের দাবি, যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে, তা তাঁদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ত্রাণ বিতরণকারীর সামনেই তাঁরা নিজেদের ক্ষোভের কথা জানান।
যদিও ত্রাণ বিতরণকারীদের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে ত্রাণসামগ্রী আসছে। পর্যায়ক্রমে এলাকার সমস্ত দুর্গত পরিবারের কাছেই পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এদিকে, বন্যা পরিস্থিতিতে ত্রাণ নিয়ে তৈরি হওয়া এই ক্ষোভ দ্রুত মিটবে কি না, এখন সেদিকেই তাকিয়ে দুর্গত বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA