২৪ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেবেন বালেন্দ্র শাহ, নেপালের বিপর্যয়ে সাহায্যের আবেদন
কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাষ্ট্রসঙ্ঘে নেপালের প্রতিনিধিত্ব করতে ২২ সেপ্টেম্বর থেকে আমেরিকা সফরে যাচ্ছেন তিনি। নেপালের পক্ষ থেকে প্র
২৪ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেবেন বালেন্দ্র শাহ, নেপালের বিপর্যয়ে সাহায্যের আবেদন


কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাষ্ট্রসঙ্ঘে নেপালের প্রতিনিধিত্ব করতে ২২ সেপ্টেম্বর থেকে আমেরিকা সফরে যাচ্ছেন তিনি।

নেপালের পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর পর রাষ্ট্রসঙ্ঘ বক্তাদের তালিকায় সংশোধন করে প্রধানমন্ত্রী শাহের ভাষণের সময়সূচি নির্ধারণ করেছে।

রাষ্ট্রসঙ্ঘের সদর দফতর নির্ধারিত সময়ের তথ্য নিউইয়র্কে অবস্থিত নেপালি মিশনের মাধ্যমে বিদেশ মন্ত্রক হয়ে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছেছে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

সংশোধিত কর্মসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ১৮ জন নেতা সাধারণ সভায় ভাষণ দেবেন। এই তালিকায় নেপালের প্রধানমন্ত্রী ১৭তম বক্তা হিসেবে ভাষণ দেবেন। রাষ্ট্রসঙ্ঘের প্রকাশিত তালিকা অনুযায়ী, একই অধিবেশনে ১৮তম বক্তা হিসেবে ভাষণ দেবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে অনুষ্ঠিত হতে চলা সাধারণ সভার এই অধিবেশনে এখনও পর্যন্ত ১১৮টি দেশের নেতার ভাষণের তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিদেশ মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের আধিকারিকদের মতে, নেপালে ভয়াবহ বন্যা ও বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী শাহ নিজেই সাধারণ সভায় ভাষণ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ভাষণে জলবায়ু পরিবর্তনের কারণে নেপালের ভয়াবহ বিপর্যয় এবং এর ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়ের বিষয়টি তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নেপালের পুনর্গঠনের জন্য এই আন্তর্জাতিক মঞ্চ থেকে সহযোগিতার আবেদনও জানাবেন তিনি।

বিপর্যয়ের আগে সাধারণ সভায় নেপালের পক্ষ থেকে বিদেশমন্ত্রী শিশির খানালের ভাষণ দেওয়ার প্রস্তুতি ছিল। তবে এখন প্রধানমন্ত্রী শাহের নেতৃত্বে প্রতিনিধিদল আমেরিকা যাবে। প্রধানমন্ত্রীর আমেরিকা সফর যতটা সম্ভব সংক্ষিপ্ত রাখার চেষ্টা করছে সরকার।

নেপালে এখনও ত্রাণ ও উদ্ধারকাজ চলায় সাধারণ সভায় ভাষণ দেওয়ার পরই প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। তাঁর কর্মসূচির ভিত্তিতেই ‘সাইডলাইন’ দ্বিপাক্ষিক বৈঠকগুলি চূড়ান্ত করা হবে। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বৈঠকের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতেরও চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী হওয়ার প্রায় পাঁচ মাস পর এটাই শাহের প্রথম বিদেশ সফর হতে চলেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর এখনও পর্যন্ত তিনি কোনও দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি।

এর আগে ১৯ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ সভায় নেপালি প্রতিনিধিদলের নেতৃত্ব বিদেশমন্ত্রী শিশির খানালকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ২৬ আগস্ট রসুয়া জেলার ভোতেকোশিতে ভয়াবহ বিপর্যয়ের পর ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শাহের নিজে সাধারণ সভায় ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী যাওয়ায় বিদেশমন্ত্রী খানাল প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকা সফরকারী প্রতিনিধিদলে থাকবেন তাঁর প্রধান উপদেষ্টা কুমার বেন, প্রধান স্বকীয় সচিব সুবাস শর্মা, ব্যক্তিগত সচিব প্রদীপ পরিয়ার এবং ফটোগ্রাফার বিনয় শাক্য।

এছাড়া বিদেশসচিব অমৃতবাহাদুর রাই, রাষ্ট্রসঙ্ঘ বিষয়ক মহাশাখার প্রধান কৃষ্ণ প্রসাদ ঢকাল এবং শিষ্টাচার মহাপাল কুমার রাজ খরেলও প্রতিনিধিদলে থাকবেন। নিউইয়র্কে অবস্থিত নেপালের স্থায়ী মিশনের প্রধান লোক বাহাদুর থাপাও সাধারণ সভায় প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande