
বেলদা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনের কাছে শুক্রবার রাতে রেললাইনের ধারে অবস্থিত একটি ঝুপড়িতে হঠাৎ বিধ্বংসী আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ঝুপড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা জামাকাপড়, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কানাই পণ্ডিত নামের এক বয়স্ক পাপড় বিক্রেতা তাঁর স্ত্রীর সঙ্গে বিগত বহু বছর ধরে রেলের জমিতে তৈরি এই ঝুপড়িতে বসবাস করে আসছিলেন। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার দুজনেই পাপড় বিক্রি করার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সময়েই আচমকা ঝুপড়িটিতে আগুন ধরে যায়।
ঝুপড়ি থেকে আগুনের শিখা উঠতে দেখে স্থানীয় যুবকরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কানাই পণ্ডিত ও তাঁর স্ত্রী যখন ফিরে আসেন, ততক্ষণে তাঁদের আস্ত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
এই অগ্নিকাণ্ডে ঘর ও জিনিসপত্রের পাশাপাশি বৃদ্ধ দম্পতির মাথার ওপরের শেষ আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে। হঠাৎ করে ঘরবাড়ি সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া দম্পতি চরম বিপাকে পড়েছেন। তবে আগুন ঠিক কী কারণে লেগেছিল, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি