
বাঁকুড়া, ৫ সেপ্টেম্বর (হি. স.): চোলাই মদের রমরমা রুখতে অভিযানে নামল বাঁকুড়া আবগারি দফতর ও ইন্দপুর থানার পুলিশ। শনিবার ইন্দপুর ব্লকের সাতামি ,সালুকডাঙ্গা, হাটগ্রাম সহ বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়।এই অভিযানে প্রায় ৩০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। তাছাড়া চোলাই তৈরির জন্য মজুত করা কয়েকশো লিটার গাঁজানো রস, ২৮০ লিটার গাঁজানো মিশ্রণ বা ওয়াশ, চিটাগুড় ও প্রচুর পরিমানে ইস্ট
নষ্ট করে দেওয়া হয়। এছাড়া তিনটি অ্যালুমিনিয়ামের হাড়ি, পাতন যন্ত্র সহ চোলাই তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,দীর্ঘদিন ধরে এসব এলাকাগুলিতে অবৈধ চোলাইয়ের কারবার চলছিল। চোলাই খেয়ে অসুস্থ হওয়া, পারিবারিক অশান্তি, মারামারির মতো ঘটনা লেগেই থাকত। অভিযোগ, কম দামে মিলছে বলে শ্রমজীবী মানুষের নেশায় জড়িয়ে পড়ছেন। এর জেরে সংসারে আর্থিক টানাটানি-সহ নানা সমাজিক সমস্যাও তৈরি হচ্ছে।এদিন অভিযানে ছিলেন বাঁকুড়া আবগারি দফতরের ওসি তন্ময় চক্রবর্তী,ইন্দপুর থানার ওসি শ্রীমন্ত চক্রবর্তী সহ অন্যান্যরা। আবগারি ও পুলিশ দফতরের আধিকারিকেরা জানান যে চোলাইয়ের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট