
বাঁকুড়া, ৫ সেপ্টেম্বর (হি. স.) : বাঁকুড়া সোনামুখী উত্তরচক্রের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতি নিয়ে খুদে ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষানুরাগীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। শিক্ষার গুরুত্ব, শিক্ষকতার মর্যাদা ও মূল্যবোধের নানা বার্তাসংবলিত প্ল্যাকার্ড হাতে ছাত্র ছাত্রীরা গ্ৰাম পরিক্রমার পর বিদ্যালয়ের সভাকক্ষে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে ফুল ও মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত সকলে তাঁর জীবন, কর্ম ও শিক্ষাদর্শের প্রতি শ্রদ্ধা জানান।
এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পাপিয়া বাউরি সহ বিদ্যালয়ের শিক্ষকগন, অভিভাবক এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
শিক্ষক দিবসের এই দিনে কচিকাচা ছাত্রছাত্রীরা তাঁদের প্রিয় শিক্ষকদের বিভিন্ন উপহার প্রদান করে এবং প্রণাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করে। অপরদিকে শিক্ষকগণও নিজেদের গাঁটের কড়ি খরচ করে তাঁদের প্রাণ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন উপহার দিয়ে তাদের আশীর্বাদ করেন। শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয়ে ফ্রাইড রাইস, চিকেনসহ নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন করা হয়।
শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, প্রতি মুহূর্তে ছাত্রছাত্রীদের ভালো লাগা, মন্দ লাগা বুঝে চলতে হয়। একজন শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না, তিনি ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠন, মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ভিতও তৈরি করেন। তাই শিক্ষকদের আচার-আচরণ, কথাবার্তা, পোশাক-পরিচ্ছদ—সবকিছুতেই একটি মার্জিত ও আদর্শ আচরণ থাকা প্রয়োজন। কারণ শিশুরা শিক্ষকদের অনুসরণ করে এবং শিক্ষকই তাদের জীবনের অন্যতম আদর্শ।”
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট