
হুগলি , ৫ সেপ্টেম্বর (হি.স.): আরামবাগ বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২৬ কেজি।
জানা যায়, খড়গপুর থেকে বর্ধমানগামী একটি বাসে দুই যাত্রী তিনটি ব্যাগে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে পুলিশের কাছে খবর পৌঁছায়। সেই খবরের ভিত্তিতে বাসটি আরামবাগ বাসস্ট্যান্ডে ঢোকার পর পুলিশ তল্লাশি অভিযান শুরু করে।
তল্লাশির সময় ওই দুই যাত্রীর কাছ থেকে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলি খুলতেই মেলে বিপুল পরিমাণ গাঁজা। এরপরই প্রায় ২৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ এবং ঘটনায় জড়িত সন্দেহে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় তা নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA