
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ার পর বেশ কয়েকজন শিক্ষার্থী আটকে পড়ে। তাদের মধ্যে তিনজনকে উদ্ধার করে এইমস-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে| তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নীচে আরও ছাত্র আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু এবং মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, সমন্বয় রেখে দ্রুত উদ্ধারকাজের জন্য।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এনডিআরএফ, দমকল, পুলিশ, এমসিডি এবং সিভিল ডিফেন্সের দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ পরিচালনা করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করে নেওয়া হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদে বের করে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তা পৌঁছানোর সবরকম চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থা পারস্পরিক সমন্বয় রেখে কাজ করছে। স্থানীয় সাংসদ বাঁশুরি স্বরাজ এবং বিধায়ক অনিল শর্মা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ