
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির ময়ূর বিহার এলাকায় উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। রবিবার সকালে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পূর্ব দিল্লির নিউ অশোক নগর থানার অন্তর্গত ময়ূর বিহার ফেজ ৩ এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা রক্ষী নন্দলাল যাদব বলেন, রবিবার ভোর ৪টে নাগাদ আমি কয়েকজনকে দেখেছিলাম। তারা আমাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছিল। তারা সংখ্যায় দুজন ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ময়ূর বিহার ফেজ ৩-এ ওই যুবককে লাঠি দিয়ে আঘাত করা হয়। ভোর ৫টা নাগাদ এই হামলার ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে, পরে যুবকের দেহ উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ