
কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে দুরন্ত শতরান করলেন পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষাণ। রবিবার দিনের শেষে প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের স্কোর ৭৬.১ ওভারে ৪ উইকেটে ৩৮৫ রান। ১৩৫ বলে ১১১ রান করে অপরাজিত রয়েছেন ঈশান। প্রসঙ্গতঃ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পূর্বাঞ্চল । অধিনায়কোচিত ইনিংসে এ দিন নিজের জাত চিনিয়েছেন ঈশান। তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। এই শতরানের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১০ম শতরান পূর্ণ করলেন তিনি। ফাইনালের মতো বড় মঞ্চে অধিনায়কের এমন ঝকঝকে ইনিংস নিঃসন্দেহে পূর্বাঞ্চলের জন্য বড় প্রাপ্তি।
ঈশানের পাশাপাশি পূর্বাঞ্চলের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শিখর মোহন, অভিমন্যু ঈশ্বরণ এবং বৈভব সূর্যবংশী। শিখর ১২০ বলে ৮৫ রান করেন। অভিমন্যু ঈশ্বরণের ব্যাট থেকে আসে ৮৬ বলে ৭২ রান। বৈভব সূর্যবংশী ৩৭ বলে করেন ৪৪ রান। দিনের শেষে পূর্বাঞ্চলের রান ৩৮৫। কিষাণের ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ৮৪.৪। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ফাইনালের লড়াই এ দিন জমে ওঠে। রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও দুপুরে মাঠে ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দলের নেতৃত্বের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও এ দিন সামনে থেকে নেতৃত্ব দিলেন ঈশান। তাঁর অপরাজিত শতরান পূর্বাঞ্চলকে ফাইনালে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত