
পাটনা, ৬ সেপ্টেম্বর (হি.স.): গঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পাটনার মানেরের দিয়ারা এলাকায় বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। আরজেডি সাংসদ মিসা ভারতী রবিবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। এই সময় আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার পূজা কুমারীও উপস্থিত ছিলেন।
মিসা ভারতী বলেন, দানাপুর ও মানেরের দিয়ারা এলাকা থেকে শুরু করে ফুলওয়ারি ও পালিগঞ্জ—সর্বত্রই বন্যার জল ছড়িয়ে পড়েছে, তবে বিশেষত দানাপুর ও মানেরের দিয়ারা অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। গতকাল আমরা জলস্তর পর্যবেক্ষণ করেছি। প্রশাসন খাদ্য, পানীয় জল ও আশ্রয়ের ব্যবস্থা করেছে। নৌকার ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু গবাদি পশু স্থানান্তরের জন্য বড় নৌকার চাহিদা রয়েছে; অথচ বড় নৌকার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ছে কারণ জল স্তরে ব্যাপক তারতম্য রয়েছে—কোথাও জল বেশি, আবার কোথাও কম। এদিকে আমরা খবর পেয়েছি, সম্রাট চৌধুরী আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং এরপর ঘোষণা করবেন, দিয়ারা এলাকাগুলো বন্যা কবলিত কি না। আজ সন্ধ্যায় তাঁর পরিদর্শনের পর কী সিদ্ধান্ত আসে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।
ব্লক ডেভেলপমেন্ট অফিসার পূজা কুমারী বলেন, মানের ব্লকের ছয়টি পঞ্চায়েত বন্যায় পুরোপুরি এবং দুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গতদের জন্য দু'টি স্থানে ত্রাণ শিবির খোলা হয়েছে। গর্ভবতী মহিলাদের বিষয়টি দেখা হচ্ছে, প্রসবের সময় এগিয়ে এলে তাঁদের নৌকায় করে মানের-এর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ