
ডোনা পাউলা (গোয়া), ৬ সেপ্টেম্বর (হি.স.): ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে রোডম্যাপ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার গোয়ার ডোনা পাউলায় এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০১৪ সালের আগে এই লড়াইটি ছিল খণ্ডিত—বিভিন্ন সংস্থা বা ইউনিট নিজেদের মতো করে বিচ্ছিন্নভাবে কাজ করত এবং কেবল ছোটখাটো অপরাধীদের গ্রেপ্তার করেই সন্তুষ্টির খোঁজ করত। ২০১৯ সাল থেকে আমরা বিষয়টিকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় নিয়ে এসেছি। মাদকবিরোধী লড়াইটি কেবল নথিপত্র-নির্ভর কাজ বা বিভিন্ন সংস্থার বিচ্ছিন্ন পদক্ষেপের গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরে একটি সমন্বিত ও ধারাবাহিক অভিযানে পরিণত হয়েছে। এই লক্ষ্যে, ২০১৯ সালে আমরা চার-স্তরের 'নারকো কো-অর্ডিনেশন সেন্টার' ব্যবস্থা গড়ে তুলি। আমরা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে মাদকবিরোধী বিশেষ টাস্ক ফোর্স গঠনের একটি মডেল ভাগ করে নিই এবং ২০১৯ সালে একটি 'যৌথ সমন্বয় কমিটি' গঠন করি; এর মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য একত্রিত করা হয়। মাদক পাচারের নেটওয়ার্ক, আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সংযোগ এবং কার্যপদ্ধতিগত ফাঁকফোকরগুলো মোকাবিলার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ২০২৯ সালের মধ্যে ভারতকে মাদকমুক্ত করার মতো একটি বড় লক্ষ্য অর্জনের জন্য আমরা একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করেছি। আমরা সবাই জানি যে, মাদক ব্যবসা এমন এক অপরাধ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ