জলিল রহমান হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি
কল্যাণপুরে নিহত কৃষক সভা কর্মীর বাড়িতে বাম নেতৃত্ব, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিহতের বাড়িতে বাম নেতৃত্ব


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৬ সেপ্টেম্বর (হি.স.) : তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন ঘিলাতলি এলাকায় নৃশংসভাবে খুন হওয়া গবাদি পশু ব্যবসায়ী তথা সারা ভারত কৃষক সভার কর্মী জলিল রহমানের পরিবারের পাশে দাঁড়াল সিপিআই(এম) ও সারা ভারত কৃষক সভা। রবিবার নিহতের ঘিলাতলিস্থিত বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বামফ্রন্টের প্রতিনিধি দল। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি ও রাজ্য সম্পাদক-সহ সিপিআই(এম)র প্রথম সারির নেতৃত্ব। পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমা কমিটির নেতৃত্ব এবং স্থানীয় বামপন্থী কর্মী ও নেতৃবৃন্দও প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ঘটনার বিস্তারিত জানার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাম নেতৃত্ব জলিল রহমান হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তাঁদের বক্তব্য, একজন সাধারণ গবাদি পশু ব্যবসায়ী ও কৃষক সভার কর্মীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বর ও উদ্বেগজনক ঘটনা। তাঁদের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা ও হত্যার নেপথ্যে থাকা ব্যক্তিদের পরিচয় স্পষ্ট হওয়া জরুরি বলে তাঁরা জানান।

বাম নেতৃত্বের দাবি, জলিল রহমান হত্যাকাণ্ডের তদন্তে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বা চাপ থাকা উচিত নয়। কল্যাণপুর থানার পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করার কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না। তদন্তের নামে যাতে কোনও নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করা হয়, একই সঙ্গে কোনও অপরাধী যাতে রাজনৈতিক বা অন্য কোনও প্রভাব খাটিয়ে রেহাই না পায়, সেদিকেও পুলিশকে সতর্ক থাকতে হবে বলে তাঁরা দাবি জানান।

এদিকে জলিল রহমানের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ঘিলাতলি ও সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাকে ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে বাম নেতৃত্ব তাঁদের এই কঠিন সময়ে একা না থাকার বার্তা দেন। পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছেন তাঁরা। এলাকার সাধারণ মানুষও জলিল রহমান হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে এবং দোষীরা শাস্তি পাবে—এমনটাই প্রত্যাশা করছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande