
পূর্ব মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর (হি.স.): মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ মহাতপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় একটি হোন্ডা সিটি গাড়ি আটক করা হয়েছে এবং গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ খবর আসে যে, একটি গাড়িতে করে গাঁজা-জাতীয় নিষিদ্ধ মাদক কলকাতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পাঁশকুড়া থানার পুলিশ মহাতপুর ব্রিজ এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান শুরু করে।
অভিযানের সময় একটি সাদা রঙের হোন্ডা সিটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়িটি চালাচ্ছিলেন ওড়িশার বালাসোর জেলার বাসিন্দা শেখ পিন্টু, তাঁর বাবার নাম শেখ শাহাদাত। আইনানুগ প্রক্রিয়া মেনে গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ১১৮টি প্যাকেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে দাবি, প্যাকেটগুলিতে নিষিদ্ধ মাদক (গাঁজা) ছিল।
উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন ১২২ কেজি ৭৩৫ গ্রাম। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়