
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের বইমেলা কলকাতা বইমেলার ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ অধ্যায় হতে চলেছে। কারণ, ২০২৭ সালে অনুষ্ঠিত হতে চলেছে মেলার ৫০তম সংস্করণ, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের বইমেলাকে আরও ব্যাপক ও সর্বজনীন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন কলকাতা বইমেলার আয়োজনের ক্ষেত্রে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের ভূমিকা ছিল প্রধান। তবে এবার সেই একাধিপত্য কমিয়ে মেলার আয়োজনকে আরও সর্বব্যাপী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ২০২৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার যৌথ আয়োজক হিসেবে থাকছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং ন্যাশনাল বুক ট্রাস্ট । ফলে এবারের বইমেলায় প্রকাশক, বই বিক্রেতা, সাহিত্যপ্রেমী এবং সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।
৫০তম সংস্করণকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে দেশ-বিদেশের প্রকাশক ও সাহিত্যিকদের অংশগ্রহণে মেলা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা আয়োজকদের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়