
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.):- পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের রেজিনগর এবং নন্দীগ্রাম কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের ঘোষণায় রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই করা হবে। প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। এরপর ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের ফলাফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর।
রেজিনগর কেন্দ্রে হুমায়ূন কবিরের আসন এবং নন্দীগ্রাম কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনেই এই উপনির্বাচন হচ্ছে বলে জানানো হয়েছে। ইভিএম ও ভিভিপ্যাটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ুর দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অসমের একটি লোকসভা আসনেও উপনির্বাচন হবে। পাশাপাশি পুদুচেরির একটি বিধানসভা আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি জোরদার হতে চলেছে। প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রচারপর্ব— সব ক্ষেত্রেই আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক তৎপরতা বাড়বে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়