স্বাস্থ্যকেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে চরম উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ
বাঁকুড়া, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বমি ও পেটের সমস্যা নিয়ে দু’দিন চিকিৎসাধীন থাকার পর এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। চিকিৎসায় গাফিলতির চাঞ্চল্যকর অভিযোগ তুলে চিকিৎসকদের ঘিরে রাতভর বিক্ষোভ দেখাল
স্বাস্থ্যকেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে চরম উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ


বাঁকুড়া, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বমি ও পেটের সমস্যা নিয়ে দু’দিন চিকিৎসাধীন থাকার পর এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে। চিকিৎসায় গাফিলতির চাঞ্চল্যকর অভিযোগ তুলে চিকিৎসকদের ঘিরে রাতভর বিক্ষোভ দেখালেন মৃতের পরিজন ও প্রতিবেশীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত যুবকের নাম শাহ আলম মল্লিক (৩৬)। তিনি মাচাতোড়া এলাকার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, দু’দিন আগে তীব্র বমি ও পেটের সমস্যা নিয়ে শাহ আলমকে সিমলাপাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কিন্তু তাঁকে কোনো বেড দেওয়া হয়নি; মেঝেতে শুইয়ে রেখেই চলছিল চিকিৎসা। অভিযোগ, তাঁকে স্যালাইন ও ওষুধ দেওয়া হলেও প্রয়োজনীয় কোনো শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়নি।

রবিবার রাতে যুবকের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে এবং তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের স্বজনেরা। শাহ আলমকে কেন সরকারিভাবে ভর্তি নেওয়া হলো না এবং শারীরিক পরিস্থিতির অবনতি হওয়া সত্ত্বেও কেন তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলো না—এই প্রশ্ন তুলে স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই প্রশ্নগুলির কোনো স্পষ্ট উত্তর মেলেনি।

ঘটনার বিষয়ে বাঁকুড়ার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন জানান, বিষয়টি এখনও তাঁর বিস্তারিত জানা নেই, তবে তিনি খোঁজ নিয়ে দেখছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande