
নদিয়া, ৭ সেপ্টেম্বর (হি.স.): কৃষ্ণগঞ্জ ও মাজদিয়া এলাকায় একাধিক খাবারের দোকানে অভিযান চালাল ফুড সেফটি দফতর। সোমবার কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া মোড়ে দুটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে খাবারের গুণমান, মেয়াদ এবং দোকানের পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন আধিকারিকরা।
দফতর সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি পনিরে পোকা ও চুল থাকার অভিযোগ এবং অপরিষ্কার পরিবেশে খাবার তৈরির বিষয়ও নজরে আসে। এরপর সংশ্লিষ্ট দোকানগুলিকে নোটিশ দেওয়া হয় এবং খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যবিধি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।
এরপর মাজদিয়া বাজারে ‘ইন্ডিয়ান বিরিয়ানি’ এবং ‘হাজি বিরিয়ানি’ দোকানের রান্নাঘরেও অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অভিযোগে কিছু প্রস্তুত মশলা ফেলে দেওয়া হয়। পাশাপাশি বৈধ ফুড লাইসেন্স না থাকার অভিযোগে দুটি বিরিয়ানি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে দফতর সূত্রে জানা যায়।
এছাড়াও মাজদিয়ার একটি কেকের দোকানে শোকেসের ভিতরে মাছি এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়ার অভিযোগ ওঠে। ওই দোকানকেও নোটিশ দেওয়া হয়েছে।
খাদ্যপণ্যের গুণমান, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফুড সেফটি দফতরের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত এমন অভিযান চালানো প্রয়োজন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়