
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের মাধ্যমে সবার জন্য সহজলভ্য, উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের নিরন্তর প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সোমবার সামাজিক মাধ্যমে জানান, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-র বাস্তবায়নে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রাজ্যে ৩.২৩ কোটিরও বেশি উপভোক্তা এখন ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার আওতায় নথিভুক্ত হয়েছেন।
পশ্চিমবঙ্গের ৩১,৫৪১জন আর্থিকভাবে দুর্বল সহনাগরিক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যোজনায় তালিকাভুক্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে এখনও পর্যন্ত নগদবিহীন চিকিৎসা পরিষেবা পেয়েছেন বা পাচ্ছেন।
রোগাক্রান্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক এবং চিকিৎসার প্রয়োজন থাকা ৭১৬ জন মানুষ রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তের উন্নত চিকিৎসা প্রতিষ্ঠানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে নির্বিঘ্নে ভর্তির ও চিকিৎসার সুফল পেয়েছেন বা পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের জনসাধারণ চিকিৎসার জন্য আগামীদিনে আরও বেশি করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে উপকৃত হবেন। গ্রাম থেকে শহর, রাজ্যের বিভিন্ন প্রান্তে, স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ