
হাওড়া, ৭ সেপ্টেম্বর (হি.স.) : খাদ্য সুরক্ষা বিধি না মানার অভিযোগে সোমবার হাওড়ার ডোমজুড় এলাকায় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। ডেপুটি সিএমওএইচ (২) ডাঃ প্রশান্ত চৌধুরীর নেতৃত্বে ডোমজুড় থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিভিন্ন খাবারের দোকান ও প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
প্রথমে কাটলিয়ার একটি বেকারিতে অভিযান চালানো হয়। দফতরের আধিকারিকদের দাবি, সেখানে খাদ্য সুরক্ষা সংক্রান্ত একাধিক নিয়ম মানা হচ্ছিল না। বেকারিটির ফুড সেফটি লাইসেন্স ও ফায়ার সেফটি লাইসেন্স ছিল না বলেও জানানো হয়। পাশাপাশি কারখানার ভিতরে চরম অব্যবস্থা এবং স্বাস্থ্যবিধির ঘাটতি ধরা পড়ে। এরপরই বেকারিটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এরপর জাতীয় সড়ক সংলগ্ন একটি নামী রেস্তোরাঁয় অভিযান চালান আধিকারিকরা। সেখানে পচা মাছ ও মাংস পাওয়া যায় বলে খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে। রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়মও যথাযথভাবে মানা হচ্ছিল না বলে অভিযোগ।
ডেপুটি সিএমওএইচ (২) জানান, নামী রেস্তোরাঁয় এমন অব্যবস্থা অত্যন্ত উদ্বেগজনক। আপাতত রেস্তোরাঁটির লাইসেন্স সাসপেন্ড করে ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনের জন্য নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে পরিষেবা চালু করতে হবে। ভবিষ্যতেও হাওড়ার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়