
ঝাড়গ্রাম, ৭ সেপ্টেম্বর (হি.স.) : খাদ্যসামগ্রীর গুণমান, দোকানের নথিপত্র এবং প্রয়োজনীয় ফুড সেফটি লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সোমবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালাল ফুড সেফটি দপ্তর ও পুলিশ প্রশাসন। কেশিয়াপাতা, কুলটিকরী, রোহিণী বাজার-সহ একাধিক এলাকায় এই অভিযান চলে।
ফুড সেফটি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় ৮ থেকে ১০টি দোকান ও খাবারের প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানে কিছু অসংগতি নজরে আসে। কুলটিকরী এলাকার একটি মিষ্টির দোকানে অনিয়ম ধরা পড়ায় সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রয়োজনীয় সংশোধনের জন্য দোকান কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।
অন্যদিকে, রোহিণী বাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ফুড সেফটি লাইসেন্স না থাকার বিষয়টি নজরে আসে। লাইসেন্স না থাকায় হোটেলটিও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মেনে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।
অভিযানে থাকা অন্যান্য কয়েকটি দোকানের পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে দফতর সূত্রে জানানো হয়েছে। এদিনের অভিযানে ফুড সেফটি আধিকারিক সুমন দাস ও গোপাল চৌধুরী, সাঁকরাইল থানার ওসি সৌমেন সিনহা মহাপাত্র এবং ডিবি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। খাদ্য নিরাপত্তার স্বার্থে আগামী দিনেও অভিযান চলবে বলে প্রশাসন জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়