
বাহরাইচ, ৭ সেপ্টেম্বর (হি. স.): উত্তর প্রদেশের বাহরাইচ জেলায় প্রায় ১৫ দিন ধরে আতঙ্কের কারণ হয়ে ছিল একটি চিতাবাঘ। অবশেষে সোমবার ভোরে বন বিভাগের একটি দল খাঁচায় বন্দি করেছে। ঘটনাটি ঘটেছে কাটারনিয়াঘাট বন্যপ্রাণী বিভাগের মতিপুর রেঞ্জের অন্তর্গত গোকুলপুর গ্রামে । চিতাবাঘটি ধরা পড়ার খবর পেয়ে গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
গ্রামবাসীদের মতে, বিগত কয়েকদিন ধরে চিতাবাঘটিকে গ্রামে এবং আশেপাশের এলাকায় প্রায়শই দেখা যাচ্ছিল। চিতাবাঘের আক্রমণে প্রায় ছয়টি গবাদি পশু মারা গিয়েছিল। এছাড়াও, গ্রামের চারপাশে প্রায়শই চিতাবাঘের পায়ের ছাপ দেখা যাওয়ায় মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। ভয়ে গ্রামবাসীরা এমনকি একা মাঠে যাওয়াও এড়িয়ে চলছিলেন।
জানা গেছে, বন বিভাগ গোকুলপুর গ্রামে একটি খাঁচা স্থাপন করেছিল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চিতাবাঘটি খাঁচায় ধরা পড়ে। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে একটি নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর স্বাস্থ্য ও আচরণ মূল্যায়ন করার পর নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ার পর গ্রামবাসীরা বন বিভাগের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এতদিন ধরে আতঙ্কে থাকা গ্রামবাসীরা এখন স্বস্তি পেয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন