
মুর্শিদাবাদ, ৭ সেপ্টেম্বর (হি.স.): ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রেজিনগরের কাঁশিপুর এলাকায়। রবিবার রাতে রেজিনগর থানার কাঁশিপুর হাটতলার কাছে অমর বিশ্বাসের আমবাগানে কেউ বা কারা একটি ব্যাগের মধ্যে বোমাগুলি রেখে যায় বলে অভিযোগ।
সোমবার সকালে মাঠে চাষের কাজে যাওয়ার সময় কয়েকজন কৃষক আমবাগানে ব্যাগটি পড়ে থাকতে দেখেন। ব্যাগের ভিতরে বোমা রয়েছে বলে সন্দেহ হওয়ায় তাঁরা দ্রুত রেজিনগর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে উদ্ধার হওয়া বোমাগুলিকে ঘিরে রাখা হয় এবং পাহারার ব্যবস্থা করা হয়।
পরে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সকেট বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাগের ভিতর মোট পাঁচটি সকেট বোমা ছিল।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একসঙ্গে পাঁচটি বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কে বা কারা কী উদ্দেশ্যে সেগুলি সেখানে মজুত করেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়