
বীরভূম, ৭ সেপ্টেম্বর (হি.স.): ব্রাহ্মণী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১১ বছরের এক কিশোরী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, বীরভূমের মাড়গ্রাম থানার গোপালপুর গ্রামে। ওই গ্রামেই তার বাড়ি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের খবর, সোমবার সকালে গ্রামের আরও দুই সঙ্গী এবং এক মহিলার সঙ্গে ব্রাহ্মণী নদীতে স্নান করতে গিয়েছিল ওই কিশোরী। বাকিদের স্নান শেষ হওয়ার পর, সে যখন স্নান সেরে নদীর ঘাটে উঠছিল, ঠিক সেই সময় আচমকা পা পিছলে সে গভীর জলে তলিয়ে যায়।
কিশোরীকে ভেসে যেতে দেখে তার সঙ্গীরা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। ঘটনার পরপরই গোপালপুর-সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের বাসিন্দারা নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করেন। তবে দুপুর পর্যন্ত নিখোঁজ কিশোরীর সন্ধান মেলেনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাড়গ্রাম থানার পুলিশ এবং রামপুরহাট-২ ব্লকের প্রশাসনিক আধিকারিকেরা। তল্লাশি ব্যবস্থা আরও জোরদার করতে ও কিশোরীর উদ্ধারকাজ তরান্বিত করতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ